Loading...

দুরু দুরু ভাবনা ভাসাই

অসীম দাস

আলাপ করতে করতেই বিকেল হয়ে এলো।

ইচ্ছে থাকলেই কি আর বিস্তারিত হওয়া যায়?

খনিজ আসক্তি ছেড়ে পাহাড়িয়া তর্জনী ফুঁড়ে

এগিয়ে চলেছে রথ পর্যটকী পথে।

আমি তো কুয়োতে পিছলে -পড়া চাঁদ তুলে 

রাত্রি কপালে আয় আয় টিপ দিতে জানি ।

অথচ আমারই অর্ধেক বয়সী নৌকা 

শত শত স্রোতের আগুনে পুড়ে 

অভিজ্ঞ সেতু হয়ে গেলো !

 

সামর্থ্যহীন ইচ্ছে- হিমে মেঘের উপত্যকায় 

বিস্তীর্ণ বৃষ্টি হওয়া যায় না ।

গুরু গুরু ধামারের ধান ভানতে ভানতে 

তাই , লঘু প্রতিভার সুরে 

দুরু দুরু ভাটিয়ালি ভাবনা ভাসাই ।

 


Liked our work ?